প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। শনিবার সকাল সাড়ে ৮টায় নামাজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। সেখানে সকাল ১০টায় তিনি দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে ঈদ উদযাপন করছেন তারেক রহমান।