লেবাননে ১০ দিনের ‘যুদ্ধবিরতি’
লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলজুড়ে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে ব্যাপক বিমান হামলা চালায়। স্থানীয় সময় অনুযায়ী ওই এক ঘণ্টায় ডজনখানেক হামলার ঘটনা ঘটে। অন্যদিকে লেবাননের সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তারা লেবাননের ভেতরে এবং সীমান্তের ওপারে ইসরাইলি অবস্থান এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও তা কতটা টেকসই হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’ ট্রাম্প জানান, ৩৪ বছর পর প্রথমবারের মতো মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করবে। বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটিই হবে আমার দশম, চলুন- এটি সম্পন্ন করি।’ সূত্র: আল-জাজিরা