বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মিররবাংলা

পিতা-পুত্রের ৫৯০ রানের জুটি!

পিতা-পুত্র মিলে ৫৯০ রানের জুটি গড়ে ক্রিকেটে অন্যরকম এক রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ৬৩ বছর বয়সী ড্যারেন চিক ও তার ৩৮ বছর বয়সী ছেলে স্যাম চিক। অনেকটাই অবিশ্বাস্য এ ঘটনাটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অপেশাদার ক্রিকেট লিগের। গত শনিবার (১৪ মার্চ) মরফেটভিল পার্কের বিপক্ষে করোমন্ডল ক্রিকেট ক্লাবের হয়ে তারা ৫৯০ রানের রেকর্ড জুটি গড়েন। এরমধ্যে ড্যারেনের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১৭৫ রানের অনবদ্য এক ইনিংস। শুধু ব্যাট হাতে নয় বোলিংও করেন পিতা-পুত্র। অবশ্য পিতা ড্যারেন চিক ১১ রান দিয়ে ১ উইকেট নিলেও স্যাম ছিলেন উইকেটশূন্য। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে নির্ধারিত ৪০ ওভার অবিচ্ছিন্ন থাকেন ড্যারেন ও স্যাম। আর পিতা-পুত্র মিলে করেন ৫৯০ রান। স্যাম ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন। এরপর ১৩৭ বল খেলে অপরাজিত ৪০২ রানের দানবীয় ইনিংস খেলেন। তার ইনিংসে ৪২টি ছক্কা এবং ৩০টি চার ছিল। স্যাম চিক ৫৬ বলে সেঞ্চুরি, ৮৭ বলে ডাবল-সেঞ্চুরি, ১০৯ বলে ট্রিপল সেঞ্চুরি ও ১৩৬ বলে ৪শ রান পূর্ণ করেন। শুধুমাত্র বাউন্ডারি থেকেই তিনি ৩৮৪ রান তুলেছেন। তার স্ট্রাইক রেট ছিল ৩০০-এর উপরে। ইনিংসের ৩২তম ওভারে টানা ছয় ছক্কাও মারেন স্যাম। এতে বোকা বনে যান মরফেটভিল পার্কের বোলার ডার্সি লেন। এরপর মরফেটভিল পার্ক ৫৯০ রান তাড়া করতে নেমে নির্ধারিত ৪০ ওভার খেলে ৩ উইকেটে ১৪৬ রান করতে পারে। ফলে ৪৪৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে করোমন্ডল ক্রিকেট ক্লাব। পিতা-পুত্রের অনন্য কীর্তির প্রতিবেদনে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ৪০ ওভারের ম্যাচে যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

পিতা-পুত্রের ৫৯০ রানের জুটি!