জয়ের পথে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা, ম্যাচের শেষ দিনে তাদের দরকার মাত্র ৩ উইকেট। আর পাকিস্তানের দরকার ১২১ রান। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। জয় পেতে তাদের চাই আরও ১২১ রান। শেষ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রিজওয়ান অপরাজিত আছেন ৭৫ রানে। শেষ দিনে অবিশ্বাস্য কিছু না ঘটলে জয়ের পাল্লা এখন বাংলাদেশের দিকে। এর আগে দ্বিতীয় সেশনে ১৬২ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানের হয়ে তীব্র প্রতিরোধ গড়েন সালমান ও রিজওয়ান। ৭০ বলে এই জুটির রান স্পর্শ করে পঞ্চাশ। দায়িত্বশীল ব্যাটিংয়ে রিজওয়ানের পর সালমানও পৌঁছে যান ফিফটিতে। মাঝে দুজনের জুটির শতরান পূর্ণ হয় ১৬৭ বলে। এরপর ত্রাতা হয়ে আবির্ভূত হন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শেষবেলায় নতুন বল হাতে নিয়ে তিনি সালমানকে ফিরিয়ে পাকিস্তানের শতরানের জুটি ভাঙার পর হাসান আলীকেও সাজঘরে ফেরান। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তাইজুল। এ ম্যাচে ৩১ ওভারে তিনটি মেডেনসহ ১১৩ রানে তার শিকার ৪ উইকেট। তরুণ পেসার নাহিদ রানা ১৪ ওভারে দুটি মেডেনসহ ৫৮ রানে নিয়েছেন ২ উইকেট। বাকিটি গেছে মেহেদী হাসান মিরাজের ঝুলিতে। জয়ের জন্য দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টেস্টের দেড়শ বছরের ইতিহাসে এত বড় লক্ষ্য তাড়া করে জিততে পারেনি কোনো দল। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের কীর্তি টিকে আছে দুই দশকের বেশি সময় ধরে। আর সাদা পোশাকের সংস্করণে পাকিস্তানের চারশর বেশি রান তাড়ায় সফলতার কোনো নজির নেই। তাই আশাবাদী বাংলাদেশ।