সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। আর র্যাংকিংয়ে উঠল নবম অবস্থানে। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তারই সুবাদে ব্যাট করতে নেমে তানজিদের ১০৭ রানের ইনিংসের সাথে হৃদয়ের ৪৮ ও লিটনের ৪১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ২৯০ রানের সংগ্রহ পায়। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করেন তানজিদ। তিনি ৯৮ বলে সেঞ্চুরি ছুয়ে ইনিংস টেনেছেন ১০৭ রান পর্যন্ত। ওপেনিংয়ে তানজিদ ও সাইফ হাসানের জুটিতে আসে ১০৫ রান। ১০৭ রান করে তানজিদ থামলে ৬৮ রানের আরেক জুটিতে দলকে এগিয়ে নেন লিটন-হৃদয়। তবে ডেথ ওভারে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। শেষ ১০ ওভারে তারা তুলেছে মাত্র ৭৭ রান।২৯১ রানের টার্গেটে নেমে পাকিস্তান হাল ছাড়েনি। সালমান আগার সেঞ্চুরিতে ম্যাচটা টেনে নিয়েছে শেষ অবধি। শেষ ওভারে রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে বাংলাদেশ পায় ১১ রানের জয়।রান তাড়ায় নেমে প্রথমেই হোঁচট খায় পাকিস্তান। ১৭ রানের মধ্যে পড়ে প্রথম তিন উইকেট। ইনিংসের পঞ্চম বলে সাহিবজাদা ফারহানকে তুলে নিয়ে ভিন্ন বার্তা দেন তাসকিন আহমেদ। এরপর মোস্তাফিজ ও নাহিদ রানা সমানতালে আঘাত হানেন। পেসারদের তোপে ৮২ রানের ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পাকিস্তান মূলত ম্যাচ ফেরে সালমান আর সাদ মাসুদের দারুণ জুটিতে। তাদের ৭৯ রানের জুটিতেই মূলত জমে ওঠে লড়াই। মোস্তাফিজের বলে বোল্ড হন সাদ মাসুদ। আর তাসকিন ফেরান সালমানকে। তার আগেই সালমান খেলেন ৯৮ বলে ১০৬ রানের ইনিংস। এ পর্বে ১০ ওভার বল করে ৪৯ রানে ৪ উইকেট নেন তাসকিন।