শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মিররবাংলা

শিক্ষাঙ্গন

স্কুলে ভর্তির লটারি বাতিল হচ্ছে

স্কুলে ভর্তির জন্য বিদ্যমান লটারি প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর স্কুলে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি কার্যকর হবে।শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়ে বলেন, ‘সরকার শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও মেধা যাচাইয়ের লক্ষ্যে বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে উপরের সব শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যমান লটারি প্রথা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে আর লটারি থাকছে না।’সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, ‘লটারি কোনো শিক্ষা ব্যবস্থার মানদণ্ড হতে পারে না। আমরা গত এক মাস ধরে ব্যাপক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ভর্তির ক্ষেত্রে লটারি প্রথা তুলে দেওয়া হবে। স্কুলে ছাত্রছাত্রী ভর্তিতে লটারির মাধ্যমে মেধা যাচাই করার কোনো সুযোগ নেই।’ ভর্তিতে লটারিকে অনেকটা ‘জুয়া খেলা’র সঙ্গে তুলনা করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘শিক্ষা ব্যবস্থার সব স্তরে লটারি চলতে থাকলে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হবে। লটারি কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না। তবে ভর্তি পরীক্ষা যেন শিশুদের জন্য মানসিক চাপের কারণ না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।’ তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষায় আমরা শিক্ষার্থীদের নিউরোসার্জন বানানোর চেষ্টা করছি না; অত্যন্ত সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মেধা যাচাই করা হবে। ভর্তি পদ্ধতি নির্ধারণের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে সামনে আরও আলোচনা করা হবে। সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’ভর্তি পরীক্ষা ফিরলে কোচিং বাণিজ্য বাড়বে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোচিং বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন-হাউস কোচিং-এর ব্যবস্থা করা হবে। যাতে শিক্ষার্থীরা স্কুলের ভেতরেই প্রয়োজনীয় সহায়তা পায় এবং বাইরের কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল হতে না হয়।’সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কুলে ভর্তির লটারি বাতিল হচ্ছে