পাঁচ বিএনপি নেতা হলেন সিটি প্রশাসক
দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন প্রশাসকদের সকলেই স্থানীয় বিএনপির নেতা। এর আগে গতমাসে আরও ৬ সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেয় বিএনপি সরকার।শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রবিউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন।দলীয় সূত্রে জানা যায়, বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ–২০২৪ এর ধারা ২৫(ক) এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনে তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে তার কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন।এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল বিএনপি সরকার। গত ২৩ ফেব্রুয়ারি ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার। নবনিযুক্ত এসব প্রশাসকরা সরাসরি বিএনপির রাজনীতিতে যুক্ত।সিটি করপোরেশনগুলোতে নতুন মেয়র নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন।