সোমবার, ০৯ মার্চ ২০২৬
সোমবার, ০৯ মার্চ ২০২৬
মিররবাংলা

ভারত ফের চ্যাম্পিয়ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। এনিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া।রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় ভারত।ঠিক তিন বছর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হেরেছিল ভারত। এবার শুধু জয় নয়, বেশ কয়েকটি রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হলো ভারত। এছাড়া স্বাগতিক দেশ হিসেবে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো তারা।ফাইনালে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কিউই টপ অর্ডার। মিচেল স্যান্টনার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।ভারতের পক্ষে ৪ ওভার বল করে ১৫ রানে ৪ উইকেট নেন বুমরাহ। তার ইয়র্কার ও স্লোয়ারে রীতিমতো খাবি খায় কিউই ব্যাটাররা। ম্যাচসেরা হয়েছেন তিনি। স্পিন আক্রমণে অক্ষর প্যাটেল তুলে নেন ৩ উইকেট।এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ভারত। ওপেনার অভিষেক শর্মার ১৮ বলের বিধ্বংসী ফিফটি (৫২) এবং সঞ্জু স্যামসনের ৮৯ রানের (৪৬ বল) মারকুটে ইনিংস টার্গেট বানিয়ে দেয় বিশাল। স্যামসনের ইনিংসে ছিল সাত চার ও পাঁচটি বিশাল ছক্কার মার। এছাড়া ইশান কিশান ৫৪ এবং শেষ দিকে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস ভারতকে বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করে।এবারের আসরে ভারত মোট ৯৮টি ছক্কা হাঁকিয়েছে। যা এক আসরে যেকোনো দলের জন্য রেকর্ড।টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম শিরোপা জিতেছিল ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতে টিম ইন্ডিয়া। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতল ভারতীয় ক্রিকেট দল।

ভারত ফের চ্যাম্পিয়ন