ওয়াসার নতুন এমডি আমিনুল
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।ইউনূস সরকারের সময়ে নিয়োগ পাওয়া ঢাকা ওয়াসার এমডি মো. আব্দুস সালাম ব্যাপারী অর্থ পাচারসহ নানা অভিযোগ ওঠার পর গত রোববার পদত্যাগ করেন। পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার এমডি করা হয়। একদিনের মাথায় নতুন এমডি নিযুক্তির খবর এল।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. আমিনুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের মেয়াদ থেকে এক বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি যুগ্মসচিব হিসেবে অবসরে যান। পরে অন্তর্বর্তী সরকার তাকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছিল। আমিনুল ইসলামকে ২০০৫ সালে বিএনপি সরকার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ হিসেবে সম্মাননা দিয়েছিল।আওয়ামী লীগ সরকারের সময়কালে ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান বহুল আলোচিত তাকসিম এ খান। এরপর তার মেয়াদ সপ্তমবারের মতো বৃদ্ধি করা হয়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আর নিজ কার্যালয়ে আর যাননি। ইমেইল করে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।