শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
মিররবাংলা

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই দল মিলে তুলল ৪৯৯ রান, হাঁকাল ৩৪টি ছক্কা, চলেছে রেকর্ড ভাঙাগড়ার খেলা। তুমুল লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মাত্র ৭ রানের ব্যবধানে বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বৃহস্পতিবার (৫ মার্চ) রূপ নিয়েছিল চার-ছক্কার রণক্ষেত্রে। এই ম্যাচে মোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা, যা বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড।ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দেন। শুরুতে ব্যক্তিগত ১২ রানে সঞ্জ্যু স্যামসনের একটি ক্যাচ ফেলে দেন হ্যারি ব্রুক। তারপর ইতিহাস গড়তে  আর পেছনে ফিরে তাকাননি ভারতের উইকেটকিপার ব্যাটার। তিনি ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে এগিয়ে দেন ফাইনালের পথে। স্যামসনের পর ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালান শিভম দুবে, হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মাও। ২৫ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন দুবে। এছাড়া শেষ দিকে হার্দিক ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৭ এবং তিলক মাত্র ৭ বলে ৩ ছক্কায় ২১ রানের দুটি দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেন। সব মিলিয়ে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল টার্গেট দেয় ভারত।ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।ভারতের দেওয়া ২৫৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। জ্যাকব বেথেল অনবদ্য এক সেঞ্চুরি করে জয়ের পথে টেনে নেন দলকে। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানে থামতে হয় ইংলিশদের। ফলে ৭ রানের আক্ষেপে শিরোপার মঞ্চ থেকে ইংলিশদের বিদায় নিতে হয়।দুই দল মিলে ম্যাচে রান হয়েছে ৪৯৯, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ম্যাচ এবং সব আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এই ম্যাচে মোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা, যা বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত